ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বিকাশে বিজ্ঞানভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ

0
ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী
যশোরের ঝিকরগাছায় বিজ্ঞান স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি- লোকসমাজ

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা, লোকসমাজ : “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন।

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস-ইইএসএস), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে, উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। দেশের উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী চিন্তার বিকল্প নেই।

দুপুর সাড়ে ১২টায় একই স্থানে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ।

এসময় বক্তব্য দেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমির হারুন অর রশীদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, বিএনপি নেতা মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল এবং বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা এবং উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।