যশোর জিলা স্কুলের ফিউচার সায়েন্টিস্ট দলের ইন্দোনেশিয়ায় গোল্ড মেডেল অর্জন

৫৫ দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে আন্তর্জাতিক আসরে সাফল্য

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করেছে। শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ইউএনজে (ইউনিভার্সিটাস নেগেরি জাকার্তা) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় এ সাফল্য অর্জন করে দলটি।

দলের সদস্য এস এম জাওয়াদ হোসেন ও রাইয়ান সাদিক দীর্ঘদিন ধরে বিজ্ঞান, প্রযুক্তি, রোবোটিক্স ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে আসছেন। তাদের গবেষণাধর্মী চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতার স্বীকৃতি হিসেবেই আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ আসে।

দলনেতা এস এম জাওয়াদ হোসেন যশোর জিলা স্কুলের দিবা শিফট এবং রাইয়ান সাদিক প্রভাতি শিফটের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নুল আবেদীন জানান, জাকার্তায় অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৫৫টি দেশের প্রায় ২০০ প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দল দুটি বিভাগেই গোল্ড মেডেল অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে।

এস এম জাওয়াদ হোসেন ও রাইয়ান সাদিক জানান, তাদের উদ্ভাবনী প্রকল্পগুলো বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে প্রযুক্তির কার্যকর প্রয়োগকে গুরুত্ব দেয়। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উদ্ভাবন উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্মের সৃজনশীলতা, দক্ষতা ও সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরাই ছিল তাদের মূল লক্ষ্য।

এ সাফল্যের জন্য তারা শিক্ষক, অভিভাবক এবং সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।