২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

0
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।। ছবি: সংগৃহীত

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয় যুক্ত হচ্ছে ২০২৭ সাল থেকে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। নতুন যুক্ত হতে যাওয়া এই বিষয়গুলোর মধ্যে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ অন্তর্ভুক্ত থাকবে।

মঙ্গলবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

সংবাদমাধ্যমকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা হবে। এর পাশাপাশি ২০২৮ সাল থেকে শিক্ষা কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন ও পরিমার্জন আনার পরিকল্পনার কথা জানান তিনি। একই সাথে প্রয়োজন বিবেচনায় আরও নতুন বই পাঠ্যক্রমে যুক্ত করা হবে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

ভবিষ্যৎ প্রজন্ম গড়ার লক্ষ্য ব্যক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আগামী দিনে এমন এক প্রজন্ম তৈরি করতে চাই, যে প্রজন্ম আগামীর বাংলাদেশ তৈরি করবে, যে প্রজন্ম বাংলাদেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দেবে।’

শিক্ষা খাতের উন্নয়নে সরকারের অবদানের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এ লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষায় সর্বোচ্চ বাজেট বরাদ্দ নিশ্চিত করেছেন। তিনি আরও জানান যে, শিক্ষার পাশাপাশি প্রধানমন্ত্রী খেলাধুলাকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

একই অনুষ্ঠানে কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার হালনাগাদ পরিস্থিতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, কলেজে ভর্তির নির্দেশিকা অনুযায়ী যেসব শিক্ষার্থী আবেদন করেছিল, তারা ইতিমধ্যেই ভর্তি হয়েছে। তবে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরও বহু আসন এখনো খালি রয়ে গেছে। এ বছর কলেজগুলোর মোট আসনসংখ্যার তুলনায় শিক্ষার্থীদের ফলাফলের হার অনেক কম হওয়ায় কিছুটা বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির ওপর আলোকপাত করে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশের ভেতরে গ্যাস ও তেলের দাম অনেকাংশে বেড়েছে। তবে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের আশপাশের দেশগুলোর তুলনায় এখানে ডিজেলের দাম এখনো অনেকটাই কম রাখা সম্ভব হয়েছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালানো হচ্ছে।

বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের অবস্থান ব্যাখ্যা করে উপদেষ্টা আরও বলেন, সরকার এই বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান সংকটটি মূলত একটি বৈশ্বিক সংকট। জনগণের ওপর যতটা সম্ভব কম চাপ সৃষ্টি করে যৌক্তিকভাবে এই সমস্যার সমাধান নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য এবং সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সমাপনী আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর সাংগঠনিক কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উল্লেখযোগ্য যে, কুমিল্লায় আয়োজিত এই চার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় দেশের সকল শিক্ষা বোর্ডের অধীনস্থ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন।