শিশু মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ, অবকাঠামো উন্নয়ন ও নতুন নির্বাহী পরিচালক ঘোষণা আদ্-দ্বীনের

নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী অধ্যাপক জামালুন্নেসা

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ ॥ সম্প্রতি আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। একই সঙ্গে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, তদারকি জোরদার এবং চিকিৎসা প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দিকনির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়নকাজ শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল এবং অক্সিজেনের উপস্থিতি নিশ্চিত করতে তিনজন স্বাধীন (ইন্ডিপেনডেন্ট) পরামর্শকের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলছে। পাশাপাশি কর্পোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। পরিচালনা পর্ষদ নতুন নির্বাহী পরিচালক হিসেবে অধ্যাপক জামালুন্নেসা পিএইচডিকে দায়িত্ব দিয়েছে।

অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি ১৯৮৮ সালে একই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পরে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি অর্জন করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বৃদ্ধিমূলক প্রকল্প পরিচালনা করে আসছে। বর্তমানে ফাউন্ডেশনের অধীনে রয়েছে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, ১টি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, ১টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ১টি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন জনকল্যাণমূলক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম।

আদ্-দ্বীনের তথ্য অনুযায়ী, মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে। চলতি বছরের ১১ জুন পর্যন্ত প্রতিদিন বহির্বিভাগে গড়ে প্রায় দুই হাজার রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। হাসপাতালটিতে বর্তমানে ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী কর্মরত রয়েছেন, যাদের অধিকাংশই নারী।

এছাড়া আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বর্তমানে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। প্রতিষ্ঠানটির দাবি, দুই সহস্রাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীর শিক্ষা এবং পেশাগত ভবিষ্যৎ এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত।

বিবৃতির শেষাংশে আদ্-দ্বীন ফাউন্ডেশন রোগীর চিকিৎসায় মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।