জ্বালানি খাতই ট্রিলিয়ন ডলার অর্থনীতির মেরুদণ্ড: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
গাজীপুরের কালীগঞ্জে কামতা-২ গ্যাসকূপের স্পাড-ইন কার্যক্রমের উদ্বোধন করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: সংগৃহীত

বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশীয় সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহারের ওপর জোর দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণে এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত।

বুধবার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় কামতা-২ নং কূপের স্পাড-ইন কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গ্যাস সংকটে আটকে লাখো কর্মসংস্থান:

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি ছাড়া দেশের শিল্পায়ন সম্ভব নয়। বর্তমানে দেশে প্রায় ৫৭০টি শিল্পকারখানা গ্যাস সংযোগের জন্য প্রস্তুত হয়ে আছে এবং হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আটকে রয়েছে। তিনি বলেন, এই কারখানাগুলোকে গ্যাস দেওয়া সম্ভব হলে লাখো মানুষের কর্মসংস্থান তৈরি হবে, যা দেশের ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।

চাহিদা ও সরবরাহের ব্যবধান কমানোর লক্ষ্য:

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে যে ব্যবধান রয়েছে তা দূর করাই এখন মূল লক্ষ্য। নতুন কূপ খননের পাশাপাশি পুরোনো কূপগুলো সচল রাখার কাজও চলছে বলে জানান তিনি। তিনি আশাবাদ প্রকাশ করেন যে কামতা-২ এবং তিতাসের ৩টিসহ মোট ৪টি কূপ থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় গ্রিডে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সংযুক্ত করা সম্ভব হবে।

দেশীয় প্রতিষ্ঠানকে অগ্রাধিকার:

পূর্ববর্তী সরকার দেশীয় কোম্পানিকে সবসময় কম গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত প্রকৌশলী ও কর্মীরা যথেষ্ট মেধাবী, উচ্চশিক্ষিত ও যোগ্য। এই মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ কাজে লাগানোই বর্তমান সরকারের অঙ্গীকার।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান, পরিচালক (অপারেশনস ও মাইনস) মো. রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল জলিল, বিজিএফসিএলের প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন এবং সিসিডিসির ব্যবস্থাপনা পরিচালক লিও শাওমিং প্রমুখ।