মাদারীপুরে তিনজনের লাশ উদ্ধার: স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা, বলছে পুলিশ

0
মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার; ঘটনার নেপথ্যে ‘মানসিক বিপর্যয়’ ও পারিবারিক সংকট ।। ছবি: সংগৃহীত

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় এক দম্পতি ও তাঁদের আট মাস বয়সী শিশুকন্যার লাশ উদ্ধারের ঘটনায় প্রাথমিক রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, মানসিক বিপর্যয়ের কারণে স্বামী প্রথমে স্ত্রী ও সন্তানকে হত্যা করেন এবং পরে নিজে আত্মহত্যা করেন।

নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার যতীন শিকদারের ছেলে চিন্ময় শিকদার (২৮), তাঁর স্ত্রী ইশা শিকদার ওরফে ইশরাত জাহান (২২) এবং তাঁদের আট মাস বয়সী মেয়ে জেনি। মঙ্গলবার বেলা ১টার দিকে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গ থেকে মরদেহ তিনটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে চিন্ময় স্ত্রী ও সন্তানকে নিয়ে তাঁর সৎমা মিষ্টি শিকদার ওরফে মিষ্টি আক্তারের (২৪) ভাড়া বাসায় ওঠেন। সন্ধ্যায় মিষ্টি বাজার করতে বের হন। রাত ৯টার দিকে ফিরে এসে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন তিনি। রাত ২টার দিকে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে চিন্ময় ও তাঁর শিশুকন্যাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত এবং স্ত্রী ইশাকে বিছানায় মৃত অবস্থায় পায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক জানান, চিন্ময় তাঁর স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে গভীর মানসিক চাপে ছিলেন। স্ত্রীর চিকিৎসায় ১৪ লাখ টাকা ব্যয় হয়েছিল, যার জন্য তিনি বাবার ওপর নির্ভরশীল ছিলেন। স্ত্রী একসময় আইসিইউতেও ছিলেন। চিন্ময় নিজে কোনো কাজ করতেন না। এ ছাড়া তিনি তাঁর বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে একটি অপহরণ মামলার আসামি হওয়ায় গ্রেপ্তারের ভয়ে নিজ বাড়িতে থাকতেন না। গত বুধবার ঢাকায় চিকিৎসা সেরে মাদারীপুরে আসেন তাঁরা।

পুলিশ জানায়, ইশা শিকদার তিন বছর আগে ধর্মান্তরিত হন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মেয়ে ইশরাত জাহান চিন্ময়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ধর্মান্তরিত হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। একইভাবে চিন্ময়ের সৎমা মিষ্টিও ধর্মান্তরিত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। চিন্ময়ের বাবা যতীনকে ইতালিপ্রবাসী দাবি করা হলেও পুলিশ জানায়, তিনি আসলে পেশায় ওঝা এবং একটি অপহরণ মামলার পলাতক আসামি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সৎমা মিষ্টিকে আটক করেছে পুলিশ।