ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা

0
ফতোয়া পেরিয়ে এবার আইনি প্রক্রিয়া; ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যার পুরস্কারে ৭১৪ কোটি টাকার বিল ।। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যাকারীকে আনুষ্ঠানিকভাবে ৫ কোটি ইউরো (প্রায় ৫ কোটি ৮২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১৪ কোটি টাকা) পুরস্কার দেওয়ার বিধান রেখে একটি বিল পাসের প্রস্তুতি নিচ্ছে ইরানের পার্লামেন্ট।

ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি জানান, তাঁর কমিশন ‘ইসলামি প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ’ শীর্ষক একটি বিলের খসড়া তৈরি করছে। আজিজি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলার জন্য ট্রাম্প, নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে দায়ী মনে করে ইরান। তাই তাঁদের ‘মুখোমুখি সংঘাত ও পাল্টা পদক্ষেপের’ মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মাহমুদ নাবাবিয়ান পৃথকভাবে জানান, এই পুরস্কারের বিষয়ে খুব শিগগির পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হবে। তিনি আরও সতর্ক করেন, ইরানের ওপর আবার হামলা চালানো হলে তার জবাব হবে ‘বিধ্বংসী’।

বিশ্লেষকেরা বলছেন, এটি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার নতুন এক মাত্রা। এতদিন ইরানি নেতাদের দেওয়া হত্যার হুমকি ধর্মীয় ফতোয়া বা ব্যক্তিগত মতামতের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এবারই প্রথম তা আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে আইনি প্রক্রিয়ার রূপ নিচ্ছে।

সরকারি এই উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়েও অর্থ সংগ্রহ চলছে। ‘ব্লাড কভেন্যান্ট’ নামের একটি বেসরকারি তহবিলে ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে ইতিমধ্যে ২ কোটি ৭০ লাখ ডলার সংগ্রহ হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এই উত্তেজনার মধ্যেই মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে। তবে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, এই প্রস্তাব আগের অবস্থানের তুলনায় তেমন উন্নত নয়। তিনি বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা না হলে ‘বোমার মাধ্যমে কথা বলতে হবে।’

ট্রাম্প আগেই সতর্ক করে বলেছিলেন, ইরান তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি কার্যকর করার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র তাদের ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ জন্য কঠোর নির্দেশ জারি করবে।