আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল: তথ্যমন্ত্রী

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল (টার্মিনাল-৩)। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এটি আনুষ্ঠানিকভাবে চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার বহুপাক্ষিক আলোচনা ও সুনির্দিষ্ট কর্মকৌশল নির্ধারণ করে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর জন্য কার্যকর উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, “আমরা আগামী ১৬ ডিসেম্বরকে টার্মিনালটি চালুর সম্ভাব্য তারিখ (টার্গেট ডেট) বিবেচনা করছি। এই সময়সীমাকে সামনে রেখেই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্তমান সেবার পরিধি উল্লেখ করে জহির উদ্দিন স্বপন জানান, বর্তমানে বিমানবন্দরের মোট ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে টার্মিনাল ১, টার্মিনাল ২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এরিয়া রয়েছে।

যাত্রীসেবা আরও সহজ ও আধুনিক করার কথা উল্লেখ করে তিনি বলেন, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবকটি গুরুত্বপূর্ণ এরিয়া বা জোনে এখন শক্তিশালী ওয়াইফাই কভারেজ নিশ্চিত করা হয়েছে। এর ফলে বিমানবন্দরে আসা দেশি-বিদেশি যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারছেন।”

সংশ্লিষ্টরা মনে করছেন, তৃতীয় টার্মিনালটি পুরোদমে চালু হলে দেশের এভিয়েশন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা ও সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে।