বেনাপোল বন্দরে ‘অধিকাল ভাতা’ পুনরায় চালুর দাবিতে কর্মচারীদের বিক্ষোভ

0
ছবি: সংগৃহীত।

মনিরুল ইসলাম মনি, শার্শা (যশোর) ॥ যশোরের বেনাপোল স্থলবন্দরে কর্মচারীরা ২০২৫ সালের নভেম্বর থেকে বন্ধ থাকা ‘অধিকাল ভাতা’ (ওভারটাইম) পুনরায় চালুর দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল স্থল বন্দরে অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদ ও বকেয়া অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য অতিরিক্ত কর্মঘন্টায় কর্মবিরতি ঘোষণা দিয়েছে স্থলবন্দর কর্মচারী দাবি আদায় পরিষদ।

বেনাপোল স্থলবন্দর কর্মচারী পরিষদ আগামী ১৯ মে থেকে ২১ মে ৩ দিন বিকেল ৫ টা থেকে অতিরিক্ত কর্মঘন্টায় আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম কর্মবিরতির আওতায় থাকবে বলে ঘোষণা দিয়েছেন।

তারা জানান, যৌক্তিক দাবি নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হলে আগামী ৭ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অতিরিক্ত কর্মঘন্টায় কর্মবিরতি চলমান থাকবে।

স্থলবন্দর কর্মচারী দাবি আদায় পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান মিঞা বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে দৈনিক নির্ধারিত কর্মঘন্টার অতিরিক্ত সময় বিকেল ৫ টা থেকে রাত ১২ টা এমনকি রাত ৩ টা পর্যন্ত এবং সাপ্তাহিক ও সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন কাজের জন্য প্রতিষ্ঠালগ্ন হতে কর্মচারীদের অধিকাল ভাতা দিয়ে আসছে।

তিনি আরও বলেন অধিকাল ভাতা প্রতিষ্ঠাকালীন সময়ে ৪৮ঘন্টা প্রদান করে। পরবর্তীতে বন্দরের কাজের বিবেচনায় ২০১২ সালের ১৮তম বোর্ড সভায় ৭২ঘন্টায় উন্নীত করা হয়। যা নৌপরিবহন মন্ত্রণালয় অনুমোদন দেয়। তখন থেকে আমরা সাধারণ কর্মচারীরা সর্বোচ্চ ৭২ঘন্টা অধিকাল ভাতা পেয়ে আসছি। কিন্তু বেনাপোল স্থলবন্দরে ২০২৫ সালের নভেম্বর এবং অন্যান্য স্থলবন্দরসমূহ ২০২৪ সালের জুন থেকে অধিকাল ভাতা বন্ধ করে দেয়।

প্রাপ্য এবং ন্যায্য অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে আগামী ১৯ মে হতে ২১ মে ৩ দিন বিকেল ৫টা থেকে অতিরিক্ত কর্মঘন্টায় আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম কর্মবিরতির আওতায় থাকবে। উল্লিখিত যৌক্তিক দাবি নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হলে আগামী ৭ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য অতিরিক্ত কর্মঘন্টায় কর্মবিরতি চলমান থাকবে।

এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের পরিচালক উপ সচিব শামীম হোসেন রেজা বলেন, অধিকাল ভাতা এবং বকেয়া পুনরায় চালু করলে ভালো হয়। কারণ তারা রাতদিন ২৪ ঘন্টা কাজ করে থাকে। তিনি বলেন আমি যোগদান করার পর ৯ মাস দেওয়া হয়েছিল। পরে অর্থ বিভাগ থেকে চিঠি দেওয়াতে সেটা বন্ধ হয়ে যায়। তাদের কর্মবিরতির ব্যাপারে আমি সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠিয়েছি যাতে একটা সমাধান হয়।

বুধবার সকালে বেনাপোল স্থল বন্দরে অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদ ও বকেয়া অধিকাল ভাতা পুনরায় চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য অতিরিক্ত কর্মঘন্টায় কর্মবিরতি ঘোষণা দিয়ে স্থলবন্দর কর্মচারী দাবি আদায় পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে।