লেবাননে ভার্জিন মেরির মূর্তি অবমাননা, ইসরায়েলি সেনার ছবি ঘিরে তীব্র ক্ষোভ

0
লেবাননের দক্ষিণাঞ্চলে ভার্জিন মেরির মূর্তির পাশে দাঁড়িয়ে থাকা এক ইসরায়েলি সেনার ভাইরাল ছবি।
ছবি : দ্যা জেরুজালেম পোস্ট

লোকসমাজ ডেস্ক॥ দক্ষিণ লেবাননে ভার্জিন মেরির একটি মূর্তি অবমাননার অভিযোগে এক ইসরায়েলি সেনাকে ঘিরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ওই সেনা মূর্তিটির মুখে সিগারেট গুঁজে দিচ্ছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি লেবাননের দক্ষিণাঞ্চলের খ্রিস্টান অধ্যুষিত ডেবল (Debel) গ্রামে ঘটেছে। ছবিটি প্রকাশের পর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও খ্রিস্টান ধর্মীয় প্রতীকের অবমাননার অভিযোগ তুলে বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে।

স্থানীয় বাসিন্দা ও অনলাইন ব্যবহারকারীরা এ ঘটনাকে ‘অপমানজনক’ এবং ‘উসকানিমূলক আচরণ’ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলেছেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ধর্মীয় প্রতীক ও উপাসনালয়ের প্রতি সম্মান বজায় রাখা উচিত।

এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং বিষয়টি “পর্যালোচনার আওতায়” রয়েছে। আইডিএফের এক কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর নৈতিক আচরণবিধির সঙ্গে এমন কর্মকাণ্ড সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটেছে। এর আগে একই অঞ্চলে খ্রিস্টান ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগেও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সমালোচনা উঠেছিল।

ঘটনাটি প্রকাশের পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন মানবাধিকারকর্মী ও ধর্মীয় সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছেন, সংঘাতপূর্ণ পরিস্থিতিতেও ধর্মীয় প্রতীক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান দেখানো আন্তর্জাতিক মানবিক নীতির অংশ।