ঝিনাইদহে সরকারি ওষুধসহ নারী আটক, বিক্রির অভিযোগ

0

ঝিনাইদহ সংবাদদাতা, লোকসমাজ :
ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বালিয়াডাঙা বাজার থেকে সরকারি ওষুধসহ সালমা খাতুন নামে এক নারীকে আটক করেছে স্থানীয় জনতা।

স্থানীয়দের ভাষ্য, বাজারে তার কাছে সরকারি সিলযুক্ত ওষুধ দেখতে পেয়ে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও পরে তিনি ওষুধগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়েছিলেন বলে স্বীকার করেন।

অভিযুক্ত সালমা খাতুন দাবি করেন, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রুমা খাতুন তাকে ওষুধগুলো বিক্রির জন্য দিয়েছিলেন। তবে যাদের কাছে বিক্রির কথা ছিল, তাদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় তিনি ওষুধ ফেরত দিতে যাচ্ছিলেন বলে জানান।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের উপপরিদর্শক (এসআই) তাইফুর রহমান জানান, ঘটনাস্থল থেকে সরকারি সিলযুক্ত বিভিন্ন ওষুধ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিপোর্ট সিরাপ ৪ পিস, মেটফরমিন ৬ বক্স, এমলোডিপিন ৩ বক্স, ইনট্রাক্যাল ২ বক্স এবং আরও ২৮ পিস সিরাপ। অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে বালিয়াডাঙা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রুমা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর-এর স্থানীয় কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।