সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
প্রধানমন্ত্রী তারেক রহমান, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।

সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে দেশবাসীর উদ্দেশে তার প্রথম আনুষ্ঠানিক বার্তা, যেখানে তিনি নতুন সরকারের কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

তারেক রহমানের এই ভাষণকে ঘিরে দেশব্যাপী ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা বিরাজ করছে।

আজকের ভাষণে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে সরকারের প্রাথমিক পদক্ষেপগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।