জনসমুদ্রে রূপ নিচ্ছে উপশহর; তারেক রহমানকে বরণে উৎসবের নগরী এখন যশোর

0
আজ সকালে যশোর উপশহর কলেজ মাঠে তারেক রহমানের জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের মিছিল ও ঢল।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার দুপুরে যশোরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে আজ সকাল থেকেই যশোর শহর ও আশপাশের এলাকায় এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ভোরের আলো ফুটতে না ফুটতেই নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থল উপশহর কলেজ মাঠে আসতে শুরু করেছেন। ব্যানার, ফেস্টুন আর ধানের শীষ হাতে ছোট ছোট মিছিল নিয়ে আসা মানুষের স্লোগানে প্রকম্পিত হচ্ছে চারপাশ। অনেককেই পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সমাবেশে যোগ দিতে দেখা গেছে।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যশোর জেলা পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা চোখে পড়েছে। জনসভাস্থলের প্রবেশপথে ও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, বেলা বাড়ার সাথে সাথে লোকসমাগম দ্রুত বাড়ছে এবং ধারণা করা হচ্ছে, তারেক রহমান মঞ্চে ওঠার আগেই উপশহর এলাকা স্মরণকালের বৃহত্তম জনসমুদ্রে পরিণত হবে। প্রথমবারের মতো প্রিয় নেতাকে সামনে থেকে দেখার জন্য শুধু রাজনৈতিক কর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।