ভ্যানচালক পারভেজ হোসেন হত্যার রহস্য উদ্ঘাটন

আটক ইব্রাহিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

0
আটক ইব্রাহিম

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর হাওয়ার মোড় এলাকার ভ্যানচালক পারভেজ হোসেন হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করেছে পূর্ব পরিচিত ভ্যান-রিকশা গ্যারেজ মালিকসহ দুই জন। পুলিশ অভিযুক্ত দুই জনকেই আটক করেছে। এছাড়া ছিনতাই করা ভ্যান উদ্ধার করা হয়েছে।

আটকরা হলো, ঝিকরগাছা উপজেলার শ্রীমরামপুর গ্রামের ইসমাইলের ছেলে ভ্যান-রিকশা গ্যারেজ মালিক ইব্রাহিম (৩৫) ও কর্মচারী সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের জুয়েলের ছেলে মামুন (১২)। বর্তমানে মামুন তার মায়ের সাথে ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুরে নানা শরিতউল্লাহর বাড়িতে বসবাস করে।

পুলিশের একটি সূত্র জানায়, পারভেজ হোসেনের লাশ উদ্ধারের পরপরই তথ্য প্রযুক্তি এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার দুপুরে শ্রীরামপুর স্কুল মাঠ এলাকার নিজ গ্যারেজ থেকে ইব্রাহিমকে আটক করা হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ হোসেনকে হত্যার কথা স্বীকার করেন ইব্রাহিম।

পুলিশকে ইব্রাহিম জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার গ্যারেজে ভ্যান নিয়ে অবস্থান করছিলেন পারভেজ হোসেন। তখন তিনি তার ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করেন।

এ কারণে অন্যত্র থেকে ব্যাটারি নিয়ে আসার কথা বলে পারভেজ হোসেনের ভ্যানে করে তিনি এবং তার গ্যারেজের কর্মচারী মামুন রওনা হন। বিভিন্ন স্থানে ঘোরাঘুরির এক পর্যায়ে রাত ১০টার দিকে তারা আঙ্গারপাড়া গ্রামের একটি কলাক্ষেতে যান। সেখানে ইব্রাহিম ও পারভেজ হোসেন এক সাথে ইয়াবা সেবন করেন। এরই এক পর্যায়ে লুকিয়ে নিয়ে যাওয়া সাইকেলের ব্রেকের তার দিয়ে পেছন থেকে পারভেজ হোসেনের গলায় পেঁচিয়ে হত্যা করেন।

এরপর তিনি এবং মামুন ভ্যানটি নিয়ে সেখান থেকে চলে আসেন। পরে আটক ইব্রাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে নানাবাড়ি থেকে মামুনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশের ওসি দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম গণমাধ্যমকে জানান, গত শুক্রবার রাতে নিজ গ্যারেজ থেকে প্রথমে ইব্রামিককে আটক করেন। পরে তার বাড়ি থেকে ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া স্বীকারোক্তিতে মামুনকে আটক করা হয়।

তিনি বলেন, মূলত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে পারভেজ হোসেনকে হত্যা করা হয়েছে।

পুুলিশ জানায়, এ ঘটনায় নিহতের মা অজ্ঞাতনামাদের আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেছেন। ইব্রাহিম ও মামুনকে ওই মামলায় আটক করে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করেন তদন্ত কর্মকর্তা এসআই হোসাইন আহমেদ। এর মধ্যে আটক ইব্রাহিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তার জবানবন্দি গ্রহণ করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে কীর্তিপুর হাওয়ার মোড় এলাকার হায়াতুল ইসলামের ছেলে পারভেজ হোসেন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন শুক্রবার আঙ্গারপাড়া গ্রামের কলাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।