প্রযুক্তির মাধ্যমে ভোটার হয়রানি কমাবে অমিতের ওয়েবসাইট: প্রেসক্লাব যশোরে উদ্বোধনী অনুষ্ঠান

0
“আপনার স্মার্টফোনেই এখন ভোটার স্লিপ”—অনিন্দ্য ইসলাম অমিতের আধুনিক আইসিটি সেলের নতুন উদ্ভাবন।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভোটারদের ভোগান্তি কমাতে এবং ভোট নিশ্চিত ও সহজ করতে ওয়েবসাটের উদ্বোধন করা হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এই ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়। শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে vote4anindaislamamit নামক এই সাইটটি আনুষ্ঠানিকভাবে সাইটটির উদ্বোধন জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অনিন্দ্য ইসলাম অমিতের সহোদর ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচন পরিচালনা কমিটি এবং আইসিটি সেলের উদ্যোগে এই সাইটি চালু করা হয়।

ফলে যশোর-৩ (সদর) আসনের যে কোন ভোটার তার স্মার্ট ফোনটি ব্যবহার করে ঘরে বসেই এই সাইটের মাধ্যমে নিজের ভোট কেন্দ্র ভোটার নাম্বারসহ প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটাররা এই সাইটে প্রবেশ করে নিজের জন্ম তারিখ এবং ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড নম্বর দিয়ে সার্চ করলেই মুহূর্তের মধ্যে তাঁদের ডিজিটাল ভোটার স্লিপ পেয়ে যাবেন। এতে ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর নিখুঁতভাবে প্রদর্শিত হবে।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন “প্রযুক্তির এই যুগে ভোটারদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করা এবং হয়রানি কমানোর ক্ষেত্রে এই উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে।” বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, “এটি স্বচ্ছ ও আধুনিক নির্বাচনের পথে একটি বড় পদক্ষেপ।”

এদিকে এমন স্মার্ট এবং যুগউপযোগী আধুনিক পন্থায় ভোটার তথ্য পাওয়ার সাইট উদ্বোধন করায় আয়োজকদের ধন্যবাদ জানান উপস্থিত সাংবাদিকসহ সুধীমহল।