মহেশপুরে পুলিশের পোশাক পরে ডাকাতির চেষ্টা, আটক- ১

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুরে পুলিশের পোশাকে ডাকাতির চেষ্টাকালে শান্ত শেখ (২৭) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সোমবার ভোরে উপজেলার এসবিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটক শান্ত শেখ ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের কামরুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার ভোর ৪টার দিকে মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের আবুল হোসেনের বাড়িতে চার-পাঁচজনের একদল ডাকাত পুলিশ পরিচয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা স্বর্ণালঙ্কার ও টাকা লুটের চেষ্টা করে। পুলিশ পরিচয় ব্যক্তিদের এমন কাজে গৃহকর্তার সন্দেহ হলে তিনি চিৎকার শুরু করেন।

এক পর্যায়ে গ্রামের লোকজন এসে পুলিশের পোশাক পরা অবস্থায় একজনকে ধরে ফেলে। বাকিরা মোটরসাইকেলে পালিয়ে যায়।

গৃহকর্তা জানান, ডাকাতরা সবাই পুলিশের পোশাক পরা ছিল। এ সময় তাদের কাছে খেলনা পিস্তল, সেলাই রেঞ্চ ও দেশীয় অস্ত্র ছিল।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে। বাকিদের আটকের চেষ্টা চলছে।