ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান

0
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথে গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার লক্ষে আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ (বায়োমেট্রিক) প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এর আগে তিনি গুলশান-১ এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে প্রাথমিক আবেদন সম্পন্ন করেন। ইসি সূত্র জানিয়েছে, তারেক রহমানের বায়োমেট্রিক গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর এক সংবাদ সম্মেলনে জানান, আঙুলের ছাপ দেওয়ার পর সর্বনিম্ন ৭-৮ ঘণ্টা এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তিনি এনআইডি কার্ড হাতে পাবেন।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষ করে সরাসরি নির্বাচন কমিশন ভবনের উদ্দেশে রওনা হন তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে আগারগাঁও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আইনি ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের এই প্রক্রিয়াকে নির্বাচনী প্রস্তুতির বড় ধাপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।