ইলিয়াস আলীকে গুমের পর হত্যা করা হয়েছে: তাজুল ইসলাম

0
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলী ।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষা আর ধোঁয়াশার অবসান ঘটিয়ে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুমের পর হত্যার লোমহর্ষক তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, ইলিয়াস আলীকে তুলে নেওয়ার পর পরবর্তী সময়ে তাঁকে হত্যা করা হয়েছে।
বুধবার ট্রাইব্যুনালে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান। তাজুল ইসলাম বলেন, “তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে ইলিয়াস আলীকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গুম করা হয়েছিল এবং পরবর্তী সময়ে তাঁকে হত্যা করা হয়েছে।”
তদন্ত সংস্থা জানিয়েছে, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের অন্যতম ‘কুশীলব’ ছিলেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান। তাঁর বিরুদ্ধে কেবল ইলিয়াস আলীই নয়, বরং এক শর বেশি মানুষকে গুমের পর হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এছাড়া প্রসিকিউশনের কাছে প্রায় ৫০০ মানুষকে গুম ও হত্যার প্রাথমিক তথ্য এসেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ভারতে পাচার এবং ২০১৩ সালে তেজগাঁওয়ের সাজিদুল ইসলাম সুমনসহ আটজনকে গুম করার ঘটনায় জিয়াউল আহসানের প্রত্যক্ষ নির্দেশ ও তত্ত্বাবধান ছিল। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর জিয়াউল আহসান সেনাবাহিনী থেকে অব্যাহতি পান এবং পরে গ্রেফতার হন। ট্রাইব্যুনাল আজ তাঁর বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগগুলো আমলে নিয়েছেন।