কন্যাকে ধর্ষণের অভিযোগে মায়ের বিরুদ্ধে থানায় বাবা!

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের শৈলকুপায় মায়ের সহায়তায় ১২ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার বিকেলে ভিকটিমের পিতা শৈলকুপা থানায় অভিযোগ দাখিল করেছেন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান অভিযোগর কপি পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অভিযোগে ভিকটিমের পিতা উল্লেখ করেন তিনি পেশায় ভাংড়ি ব্যবসায়ী। ব্যবসায়ের কারণে তিনি বাড়িতে থাকতে পারেন না। এই সুযোগে স্ত্রী ফরিদা পারভিন তার ১২ বছর বয়সী কন্যাকে প্রধান আসামি ভগবাননগর গ্রামের রবির ছেলে শরিফুল ইসলাম শরীফ ও অপর আসামি কৃষ্ণ কুমার মণ্ডলের ছেলে সন্ন্যাসী মণ্ডলের কাছে ইচ্ছার বিরুদ্ধে পাঠিয়ে দিত।

গত ৭ মার্চ ভগবাননগর গ্রামের জনৈক জোছনার মালিকানাধীন ভাড়া বাড়িতে প্রধান আসামি শরীফ এসে তার স্ত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকা কন্যাকে ইচ্ছার বিরুদ্ধে পাশবিক নির্যাতন চালায়। এছাড়া একই ভাবে গত ৮ মার্চ রাত ৯টার দিকে দ্বিতীয় আসামি সন্ন্যাসী কুমার শৈলকুপা থানাধীন কুলচারা গ্রামের জনৈক তোজামের মালিকানাধীন ভাড়া বাড়িতে নিয়ে তার কন্যাকে দ্বিতীয় বারের মতো ধর্ষণ করে।

ঘটনাটি কেউ যাতে দেখতে না পায় সে জন্য তার স্ত্রী ফরিদা পারভীন ঘরের বাইরে থেকে পাহারা দিত। গত ১২ মার্চ ঘটনাটি তার শিশু কন্যা তাকে জানালে স্ত্রীর সঙ্গে বাদীর ঝগড়া ও কথা কাটাকাটি হয়।

এ বিষয়ে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মন শনিবার বিকেলে জানান, এমন একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তে থানার সেকেন্ড অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বিষয়টি একটু জটিল মনে হচ্ছে। তারপরও পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টি নিয়ে স্থানীয় ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, তিনি লোকমুখে ধর্ষণের কথা শুনেছেন, কিন্তু সঠিক কিনা জানি না।