অভ্যুত্থানকারীদের শক্তি জুগিয়েছিলেন খালেদা জিয়া : ফরহাদ মজহার

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনায়

0

স্টাফ রিপোর্টার ॥ কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার বলেছেন, খালেদা জিয়ার আপসহীন মনোভাবের কারণে গণঅভ্যুত্থান সফল হয়েছে। তার শক্ত অবস্থান অভ্যুত্থানকারীদের শক্তি জুগিয়েছে। তাকে যথেষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে। এরপরেও তার দৃঢ়তা ফ্যাসিস্টদের পতন তরান্বিত করে।

গতকাল শনিবার যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘বিপ্লবোত্তর বাংলাদেশের তরুণদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠারে তিনি এ কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা আহবায়ক রাশেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় ফরহাদ মজহার আরও বলেন, সামনে আরও কঠিন পরিস্থিতি আসছে। এখনো ভারতীয় শক্তি এই বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা করছে, তারা সেনাবাহিনীতে বিভক্তি আনার চেষ্টা করছে। কারণ প্রতিরক্ষা ব্যবস্থা সেনাবাহিনী টিকিয়ে রেখেছে, তাই বর্তমান বাংলাদেশ যদি ভুল করে তবে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। ইতোমধ্যে আছিয়া ধর্ষণ ও মৃত্যুকে কেন্দ্র করে তারা ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

মুখ্য আলোচক ফরহাদ মজহার বলেন, ১৯৭১ এ যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল দেশ স্বাধীনের পর তা ভারতের হাতে তুলে দিতে পাক-ভারত যুদ্ধের রূপ দেয়া হয়েছিল, আমাদের মুক্তিফৌজের সর্বাধিনায়ক জেনারেল ওসমানির কাছে আত্মসমার্পণ করানো হয়নি এবং সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে সংযুক্ত করা হয়েছে। যে ৩ নীতির ভিত্তিতে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল যুদ্ধের পর তা বাদ দিয়ে চাপিয়ে দেয়া আধিপত্যবাদকে স্থান দেয়া হয়েছিল।

তিনি বলেন, ১৯৭১ এ বা ৭২ এ আমরা বিপ্লব করিনি, ১৯৭১ সালে আমরা যে যুদ্ধ করেছি তা রাষ্ট্র গঠনের যুদ্ধ ছিল না, তা ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। সে সময় জনগণের সার্বভৌম অভিপ্রায় ব্যর্থ হয় আওয়ামী লীগে সরকারের হাতে। তিনি বলেন, পাকিস্তানের সংবিধান মেনে ৭০ এ যারা নির্বাচন করে জয়ী হয়েছিলেন যুদ্ধের পর তারা ফিরে এসে ঘোষণা দিলেন, আমরা হলাম গণপরিষদ সদস্য, ফলে ৭২ সালে যারা গণপরিষদ গঠন করেছিল ওটা ছিল পাকিস্তানী গণপরিষদ। তাই বাংলাদেশের রাষ্ট্র গঠনের গণপরিষদ হয়নি এবং এদেশের জন আকাক্সক্ষার বাস্তবায়ন হয়নি।

যশোর শিল্পকলা একাডেমিতে এ আলোচনা অনুষ্ঠিত হয়। যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনি এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন গবেষক ও লেখক বেনজীন খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ, মিডিয়া কর্মী ও অ্যাকটিভিস্ট রোমেল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাগরিক কমিটি যশোরের সদস্য আশালতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সদস্য সচিব জান্নাতুল ফোয়ারা অন্তরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ। সূচনা বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম সদস্য সচিব মারুফ হাসান সুকর্ণ।