শার্শায় চাঁদাবাজির অভিযোগে সাত জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার আশিকুজ্জামান আশিকসহ সাত জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন হারুন মোড়ল নামে এক ব্যক্তি। তিনি রাড়িপুকুর গ্রামের মৃত সুকচান মোড়লের ছেলে।

অভিযোগে জানা গেছে, অভিযুক্তরা ব্যবসায়ী হারুন মোড়লের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। হারুন মোড়ল তাদের চাহিদামত ২ লাখ ৩০ হাজার টাকা চাঁদা দিয়েছেন বলে জানান। এখনও বাকি টাকা আদায়ের জন্য ভয় ও হুমকি প্রদর্শন করছে। হারুন মোড়ল আর টাকা দিতে পারবে না বলে জানালে শনিবার তাকে একটি চায়ের দোকান থেকে ধরে নিয়ে বাগআঁচড়া বাজারে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয়। তারই জের ধরে হারুন মোড়ল শনিবার শার্শা থানায় হাজির হয়ে একটি অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন- বাগুড়ি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আশিকুজ্জামান আশিক( ২৬) ও তার সহযোগী করিম উদ্দিনের ছেলে টুটুল(৩০), লুৎফর রহমানের ছেলে মুন্না হোসেন (২৭),মৃত ফকির আহম্মেদের ছেলে নজিবুল্লাহ ( ৩৫) , মৃত চাঁদ আলীর ছেলে চটা সিরাজ (৪৮ ), আলাউদ্দিনের ছেলে লিটন হোসেন(৩৫ ) ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কাওছার আলী (৩৬ )।

এ ব্যাপারে জানতে চাইলে আশিকুজ্জামান আশিক বলেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা। তারা কোনপ্রকার চাঁদাবাজি করেননি। কাউকে ধরে নিয়ে হুমকি দেননি। তাদের প্রতিপক্ষ একটি কুচক্রি মহল তাদের সুনাম নষ্ট করতে এমন মিথ্যা অভিযোগ করেছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম রবিউল ইসলাম জানান, একটি অভিযোগ পেয়েছি । তা তদন্ত করে অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।