শার্শায় মসজিদে পাঁচ মুসল্লিকে কুপিয়ে জখম

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শা উপজেলায় মসজিদে ইফতার বণ্টনকে কেন্দ্র করে বৃদ্ধ আবদ্বীন হোসেনকে (৭০) মারধর করার প্রতিবাদ করায় চারজন মুসল্লিকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃৃত্ত। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায় উপজেলার মাটিপুকুর পূর্বপাড়া গ্রামের মসজিদে।

ওই দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে আহত মুসল্লিরা হলেন মাটিপুকুর গ্রামের মৃত ফকির আহম্মেদের ছেলে আবু তালেব (৪০) ও তার সহোদর অহিদুল ইসলাম (৩৫), মৃত বাবুর আলীর ছেলে নূর হোসেন ও আলীবর্দির ছেলে রিপন হোসেন (২৮)।

স্বজনেরা আহতদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে আহতদের অবস্থার অবনতি ঘটলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

দুর্বৃত্ত আলমগীর হোসেন মাটিপুকুর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে। আহতদের স্বজনেরা জানান, সোমবার সন্ধ্যায় আলমগীর হোসেন আলম ইফতারি বণ্টনকে কেন্দ্র করে মসজিদে গিয়ে বৃদ্ধ আবদ্বীন হোসেনকে মারধর করে। এ সময় মসজিদে আগত অন্যান্য মুসল্লিরা ওই বৃদ্ধকে মারধর না করার জন্য অনুরোধ করে।

এ সময় আলমগীর হোসেন আরও ক্ষিপ্ত হয়ে মসজিদের চারজন মুসল্লিকে তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে । এ সময় মসজিদে অন্যান্য মুসল্লিরা আলমগীরকে ধরে পিটুনি দিলে সে পালিয়ে যায়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে তা তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।