ডুমুরিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পিতার মৃত্যু

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা॥ খুলনার ডুমুরিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চাকুন্দিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম আবুল কালাম মালী (৩৫)। তিনি ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের সিরাজুল ইসলাম মালীর ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম পেশায় একজন ইঞ্জিন ভ্যানচালক। প্রতিদিনের ন্যায় দুপুরে দুপুরে ভ্যান চালিয়ে বাড়ি এসে ভ্যানটি চার্জে দেন তিনি। চার্জ চলাকালীন হঠাৎ ভ্যানের ব্যাটারি ও পেছনের একটি টায়ার বিকট শব্দে ফেঁটে যায়। এ সময় কালামের ছেলে আলিফ মালী (১০) বিস্ফোরিত টায়ার ও ব্যাটারি দেখতে ভ্যানটির কাছে গেলে মাটিতে পা দেওয়া মাত্রই সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তার চিৎকারে পিতা আবুল কালাম ছেলেকে উদ্ধার করতে ছুটে যান। সে সময় ব্যাটারি থেকে ছিটকে পড়া বৈদ্যুতিক তার শরীরে লাগামাত্রই মাটিতে পড়ে যান কালাম। এক পর্যায়ে বিদ্যুতের মেইন সুইস বন্ধ করে কালামকে উদ্ধার করা হয়। মারাত্মক আহত অবস্থায় তাকে খুলনায় নিয়ে সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
কালামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন ,আওয়ামী লীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।