রামপালে কৃষকের জমি কেটে মাছ বের করে দেওয়ার অভিযোগ

0

এমএ সবুর রানা, রামপাল (বাগেরহাট)॥ রামপালে জমির মধ্যে খাল রয়েছে এমন অভিযোগে জোর করে এক কৃষকের ফসলী জমিতে রাতের অন্ধকারে খাল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃষক ইসমাইলের ফসলী জমি সংলগ্ন মাছের ঘের থেকে ৩ লক্ষাধিক টাকার মাছ বের হয়ে গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে তিনি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র বরাবর অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার চাঁদপুর গ্রামের মৃত মফেল শেখের ছেলে মো. ইসমাইল শেখ দীর্ঘ দিন ধরে নিজ জমিতে মাছের ঘের করে আসছেন। ওই জমির মধ্যে একটি সরকারি রেকর্ডীয় খাল ছিল। অনেক আগে থেকেই খালটি পলি পড়ে ভরাট হয়ে গেছে। একই গ্রামের মৃত রশিদ শেখের ছেলে প্রতিপক্ষ আসাদ শেখ ওই খাল কাটার নামে কৃষক ইসমাইলের জমির ওপর দিয়ে রাতের অন্ধকারে খাল খনন করেন। এতে ওই কৃষকের ৩ লাখ টাকার মাছ বের হয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত আসাদ শেখ বলেন, সরকারি খাল আমি কেটে দিয়েছি। প্রশ্ন করা হয় আপনি মাপজোক না করে অন্যের জমির মধ্যে অবৈধভাবে প্রবেশ করে জোর করে খাল কাটলেন কি করে? তখন তিনি জানান, রামপাল ইউএনও অফিসে কথা বলে খাল ঘুরিয়ে কেটেছি।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, তদন্ত করে অইনগত ব্যবস্থা নেওয়া হবে।