সীমান্তে বিজিবি সদস্যকে হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিজিবির সিপাহি রইশুদ্দীনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা কমিটির উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য তসলিম উর রহমান; বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
নেতৃবৃন্দ বেনাপোল সীমান্তে বিজিবি সদস্য রইশুদ্দীন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভারত আমাদের কেমন বন্ধু? তারা প্রতিনিয়ত সীমান্তে আমাদের হত্যা করছে। বাণিজ্যে, নদীর পানি বন্টন, আকাশ সাংস্কৃতিতে শোষণ করছে। আমার রাস্তা বন্দর মাটি তারা ব্যবহার করছে। কিন্তু আমরা পানির ন্যায্য হিস্যা পাইনা। আমার দেশের চ্যানেল ভারতে দেখতে দেয়না। ট্রানজিটের সুযোগ আমরা পাইনা। আমার দেশের রাজনীতিতে সকাল- বিকাল নাক গলায়। আমাদের মেয়ে ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে- এটা কি বন্ধুত্ব? এমন বন্ধুত্ব আমরা চাইনা।
অবিলম্বে রইশুদ্দীন হত্যার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য আশা করছি এবং ভারতকে ক্ষমা চাওয়ার দাবি করছি। আমরা পিন্ডির জিঞ্জির ছিঁড়েছিলাম দিল্লির গোলামি বরণ করার জন্যে নয়। দেশ সীমানা, সীমান্ত, জানমালের নিরাপত্তা যদি সরকার না দিতে পারে, তবে পদত্যাগ করুক। ভারতের গোলামি দেশবাসী মেনে নেবে না।