ঝিনাইদহে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শহরের দুটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শহরের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী ও একই সময় শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী জনসভার আয়োজন করেন। এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করে গোয়েন্দারা রিপোর্ট করেন। ফলে ওই দুটি স্থান ও এর পার্শ্ববর্তী ৪০০ গজের মধ্যে সব ধরনের সভা, সমাবেশ, মিটিং-মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই আদেশ বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ জারির পর ওইসব স্থান থেকে জনসভা মঞ্চের সকল সরঞ্জাম খুলে নেয় আয়োজকরা। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইমলাম।