যবিপ্রবির ফার্মেসি বিভাগ নানা সংকটে জর্জরিত

0

যবিপ্রবি সংবাদদাতা ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফার্মেসি বিভাগ শিক্ষক সংকট, ক্লাসরুম সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। বিভাগটিতে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে বর্তমানে ৮টি ব্যাচ চলমান থাকলেও ৭ জন শিক্ষক দিয়ে চলছে কার্যক্রম। অভিযোগ রয়েছে, শিক্ষকদের উদাসীনতার কারণে ৫ বছরের স্নাতক প্রোগ্রাম সাড়ে ৭ বছর এবং দেড় বছরের স্নাতকোত্তর প্রোগ্রাম ৪ বছরে শেষ করতে হয়েছে বিভাগটির শিক্ষার্থীদের।
নাম প্রকাশে অনিচ্ছুক ফার্মেসি বিভাগের সাবেক এক শিক্ষার্থী জানান, আমরা যে সমস্যাগুলো ফেস করেছি সেটা খুবই কষ্টদায়ক। বিশেষ করে ৭.৫ বছরে অনার্স এবং ৪ বছরে মাস্টার্স শেষ করে জীবনের আর কিছুই বাকি থাকে না। শিক্ষকদের উদাসীনতা, ফলাফল প্রকাশে দেরি, সিনিয়র শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং রাজনীতির বলি হচ্ছে শ শ শিক্ষার্থী।
সার্বিক বিষয়ে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কিশোর মজুমদার বলেন, বিভাগের ধারাবাহিক উন্নতি হচ্ছে। আমাদের ল্যাব সংখ্যা বেড়ে ৫ টি হয়েছে। ফলে শিক্ষার্থীদের ল্যাব ও রিসার্চ ফ্যাসিলিটি বাড়বে। তবে ঠিকমতো ক্লাস না হওয়ার বিষয়ে তিনি বলেন, শিক্ষকগণ ক্লাসের বিষয়ে অনেক আন্তরিক। শিক্ষকরা অবশ্যই তাদের কোর্স শেষ করেই পরীক্ষা নেন। কোর্সের ক্রেডিটভিত্তিক যে সময় নির্ধারণ করা হয়েছে সেখানে পূর্ণাঙ্গ সময় যেনো দেন সে বিষয়ে শিক্ষকদের সাথে কথা বলবো। ৭ জন শিক্ষক শিক্ষা ছুটিতে আছেন ও বর্তমান ৭ জন শিক্ষক ক্লাস নিচ্ছেন। যা শিক্ষার্থী ও ব্যাচ সংখ্যা অনুযায়ী কম। আগামী ২-৩ মাসের মধ্যে কয়েকজন শিক্ষক নিয়োগ হবে বিভাগে। আশা করি তখন সংকট কেটে যাবে।
ক্লাস রুম সংকটের বিষয়ে তিনি বলেন, আমাদের পাঁচটা ক্লাস রুম রয়েছে। ক্লাস সংকটের বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিলে ক্লাস রুম সংকটের নিরসন হবে।