ঝিকরগাছায় মাদকাসক্ত ছেলের  বিরুদ্ধে পিতাকে হত্যার হুমকির  অভিযোগ

0
ঝিকরগাছা(যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে বৃদ্ধ পিতাকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। হুমকিদাতা ছেলের নাম রায়হান বাবু।
নিজেদের নিরাপত্তা চেয়ে ঝিকরগাছা থানায় লিখত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পিতা।
অভিযোগ সূত্রে  জানা গেছে, উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের তারাচাদ গাজীর ছেলে আইয়ুব হোসেনের ছোট ছেলে রায়হান বাবু (১৯) মাদকাসক্ত। বিভিন্ন সময়ে পিতা-মাতার কাছে তিনি টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে প্রায়ই তিনি পিতা-মাকে মারপিট করতে আসেন। সম্প্রতি রায়হান বাবু তার পিতার কাছ থেকে তিন বিঘা জমি রেজিস্ট্রি ও ৫০ লাখ টাকা নেয়ার জন্যে চাপ দেন। জমি দিতে না চাওয়ায় তার মা ও ছোট বোন শাপলা খাতুনকে মারপিট করে বাড়িতে তালা ঝুলিয়ে দেন বাবু।
এ ঘটনায় পিতা আইয়ুব হোসেন নিরুপায় হয়ে ১৭ সেপ্টেম্বর ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে  বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে এএসআই শাহিন কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের নিয়ে সমঝোতা করে রায়হার বাবুকে ভাল হয়ে জীবনযাপনের নিদের্শনা দেন। কিছুদিন ভাল থাকার পর তিনি আবারো উচ্ছৃংখলতা শুরু করে দিয়েছেন । মঙ্গলবার রাতে রায়হান বাবু নিজেদের বিচালী গাদায় আগুন ধরিয়ে দেন। এতে করে বিচালী গাদা পুরোটাই পুড়ে গেছে।
বৃদ্ধ আইয়ুব হোসেন জানান, তার ছেলে রায়হান বাবু তাকে ও তার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। তিনি ৫০ লাখ টাকাসহ তিন বিঘা জমি তার নামে রেজিস্ট্রি করে দেয়ার জন্যে চাপ সৃষ্টি করেছেন।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শাহিন কবীর জানান, বিষয়টি নিয়ে তাদের পরিবারের সাথে বসে আলোচনা করে সমাধান করার চেষ্টা করেছি। মাদকাসক্ত রায়হান বাবু কথা শুনছে না। মামলা না থাকার কারণে তাকে আটক করা সম্ভব হচ্ছে না।