অভয়নগরে বাল্যবিয়ের অপরাধে ঘটকসহ তিনজনের ৬ মাসের দণ্ড

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর)॥ অভয়নগরে বাল্যবিয়ের অপরাধে এক ঘটকসহ তিনজনকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রফেসরপাড়া এলাকায়। কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বাল্যবিয়ে সম্পাদনকারী হৃদয় শেখ (২৪), বাল্যবিয়ের শিকার অপ্রাপ্তবয়স্ক এতিমশিশু জিনিয়া খাতুনের (১৩) নানি রোজিনা(৪৫) ও ঘটক সেলিনা (৪৫)।
শুক্রবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রফেসরপাড়ায় বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ মোতাবেক তিনজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযুক্তদের যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বিশ্বাস জানান, বাল্যবিয়ের অপরাধে দুপুরে ঘটকসহ তিনজনকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। বাল্যবিয়ের শিকার অপ্রাপ্তবয়স্ক এতিম শিশু জিনিয়া খাতুনের দায়িত্ব আমি এবং আমার চাচাতো বোন নিয়েছি। মেয়েটির যেকোনো সমস্যা হলে আমরা দেখভাল করবো।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ জানান, মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিয়ে সম্পাদনকারী,বাল্যবিয়ের শিকার অপ্রাপ্তবয়স্ক এতিমশিশু জিনিয়া খাতুনের নানি ও এক ঘটকসহ মোট তিনজনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া বাল্যবিয়ের শিকার জিনিয়া খাতুনকে তার মামার দায়িত্বে দেয়া হয় এবং তার পড়াশোনার দায়িত্ব দেয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর বিশ্বাস। তিনি আরও জানান, আগামীতে এ ধরেনের অভিযান অব্যাহত থাকবে।