ইবিতে পোষ্য কোটায় শর্তহীন ভর্তির দাবি

0

 

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা॥ গুচ্ছভুক্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলে কোন শর্ত ছাড়াই ভর্তি নেয়ার দাবিতে কর্মবিরতি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেন। পরে একই দাবিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে তারা বলেন, বিশ্ববিদ্যালয় সৃষ্টির পর থেকে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের পোষ্য কোটায় ভর্তির বিষয়ে বিশেষ সুযোগ প্রদান করে আসছিল। গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা চালু হওয়ার পরেও ভর্তি পরীক্ষায় আবেদন করার ন্যূনতম যোগ্যতার শর্তে ২০২০-২১ শিক্ষবর্ষে পোষ্যদের ভর্তি করা হয়েছে অথচ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষবর্ষে পোষ্য কোটায় ভর্তির কোন বিশেষ সুযোগই রাখা হয়নি। এই দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ জুলাই ৩ঘন্টা ও ৩১ জুলাই ৪ ঘন্টা কর্মবিরতির ঘোষণা দেন তারা। এরপরও দাবি আদায় না হলে পরবর্তীতে নতুন করে কঠোর কর্মসূচি প্রদানের ঘোষণা দেয়া হয়।
গুচ্ছের নীতিমালায় বলা হয়েছে, যেকোন শিক্ষার্থীর ভর্তির আবেদন করতে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। কোটাধারীদের জন্যে একই শর্ত রাখা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলেই তাদের ভর্তির দাবি জানান তারা।
এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, গুচ্ছ পদ্ধতিতে তারা একটি অপরিপক্ক সিদ্ধান্ত নিয়েছেন। তারা কোটাধারীদের জন্যে কোন বিশেষ সুবিধা রাখেননি। আমাদের সন্তানদের ভর্তি পরীক্ষার আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকলেই তাদের ভর্তি নিতে হবে। আমাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

এদিকে, গুচ্ছের শর্ত সাপেক্ষে গত ২৫ জুলাই ২০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভাইভায় অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আইসিটি সেল আমাদের যে তালিকা দিয়েছিল আমরা সে অনুযায়ী ভাইভা নিয়েছি।
অন্যদিকে পোষ্যদের যোগ্যতা শিথিল করে ভর্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করার সিদ্ধান্ত নেন শিক্ষক সমিতি। গত ১৮ জুলাই শিক্ষক সমিতির ৮ম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, তাদের দাবির প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির মিটিং করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে যেহেতু এটা আমাদের এখতিয়ারভুক্ত না তাই আমরা তাদের দাবির বিষয়ে গুচ্ছের কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠাবো।