সুইডেনে কুরআন অবমাননার ঘটনায় যশোরে বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টার ॥ সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে যশোরে। সোমবার (১০ জুলাই) বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে যশোর জেলা ইমাম পরিষদ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
বিকেল চারটায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনওয়ার নাঈম ও প্রচার সম্পাদক মুফতি আমানুল্লাহ কাসেমীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ইমাম পরিষদের সেক্রেটারি হাফিজ মাওলানা বেলায়েত হোসেন, জেলা ইমাম পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের, মাওলানা নাজমুল হক, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আব্দুল হালিম, সংগঠনের সহসভাপতি মুফতি শামসুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা নাজির উদ্দীন, ইমাম পরিষদ যশোর নগর শাখার সভাপতি মুফতি হাফিজুর রহমান, সেক্রেটারি মুফতি আব্দুর রহমান এযাযী, সদর উপজেলা শাখার সভাপতি মুফতি আমানুল্লাহ কাসেমী, সেক্রেটারি মুফতি উবায়দুল্লাহ শাকির, মাওলানা আরিফুল্লাহ আলমগীর, মুফতি মাহমুদুল হাসান যশোরী, মাওলানা ইমাদুল ইসলাম, মুফতি আব্দুল হান্নান ও মুফতি মাসউদুর রহমান।
সমাবেশে উলামা মাশায়েখবৃন্দ বলেন, সুইডেনে পবিত্র কুরআন অবমাননার যে জঘণ্য কর্মকা- হয়েছে তা গোটা পৃথিবীর মুসলমানরা মেনে নিতে পারেন না। এ ঘটনা বিশ্বের কোটি মুসলমানের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। যা কোনও ধর্মপ্রাণ মুসলমান সহ্য করতে পারে না। এ ঘটনায় বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসেবে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জরুরি। সমাবেশ থেকে এ ঘটনার জন্য সুইডিশ রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সমাবেশ থেকে কুরআন অবমাননার ঘটনায় আন্তর্জাতিক আদালতে বিচার নিশ্চিতের দাবির পাশাপশি বাংলাদেশে সুইডেনের সকল পণ্য বর্জনের জন্য ধর্মপ্রাণ মুসল্লীদের প্রতি আহ্বান জানানো হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে বাদআসর দড়াটানা ভৈরব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েক হাজার তৌহিদী জনতার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা শহর।