ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তিন মাসে ২৫ জনের মৃত্যু

0

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। একটি দুর্ঘটনার রেশ না কাটতেই ঘটছে আরেকটি ঘটনা। গত ৩ মাসে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২৫জন নিহত হয়েছেন। বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে অবৈধ নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি ও অটোভ্যানের কারণে। এছাড়া রয়েছে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো।
পুলিশ ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত জেলার ৬ উপজেলায় ২৫ জনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। এরমধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় সর্বাধিক ৯ জন, শৈলকুপায় ৫ জন, মহেশপুরে একজন, কোটচাঁদপুরে ৪ জন ও কালীগঞ্জ উপজেলায় ৫ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন। অনেকের অভিযোগ দুর্ঘটনা রোধে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কাজে আসছে না। দেশে বেপরোয়া যান চলাচল বন্ধ হয়নি। সড়ক মহাসড়কে কমেনি অবৈধ যানবাহন চলাচল। থ্রি-হুইলার দাপিয়ে বেড়াচ্ছে ঝিনাইদহের প্রতিটি সড়কে। ঝিনাইদহ শহরে ইজিবাইকের ছড়াছড়ি। কোনো নিয়ন্ত্রণ নেই।
এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত সড়ক মহাসড়কে অভিযান চালানো হচ্ছে। আলমসাধু, ভটভটি ও ইজিবাইকসহ বিভিন্ন অবৈধ যানবাহন আটক করা হচ্ছে। পাশাপাশি তাদের সচেতনতাও করা হচ্ছে। তিনি বলেন, এই সেক্টরের সঙ্গে সবাই একসঙ্গে কাজ না করলে পুলিশের পক্ষে একা অবৈধ যানবাহন বন্ধ করা সম্ভব নয়।