মোংলা বন্দরে ড্রেজিং বন্ধের ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানব বন্ধন

0

 

মোংলা (বাগেরহাট)সংবাদদাতা॥ মোংলা বন্দরের ড্রেজিং বন্ধের ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন বন্দরের কর্মরত সহস্রাধিক কর্মচারী। বুধবার বেলা ১১ টায় বন্দর কর্তৃপক্ষের মূল ফটকের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তারা এ দাবি করেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের আয়োজনে এতে বক্তব্য রাখেন, সংঘের সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন খোকন ও যুগ্ম সম্পাদক সুজন মাহমুদসহ অন্যরা।
বক্তারা বরেন, পশুর চ্যানেল ইনারবার ড্রেজিং প্রকল্প বন্ধ হলে পণ্যবাহী বিদেশি জাহাজ আগমন বন্ধ হয়ে যাবে। একই সাথে পদ্মা সেতুর সুফল ব্যাহতসহ বাধাগ্রস্ত হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং বাংলাদেশের উন্নয়ন। এছাড়া এ বন্দরের নৌ চ্যানেল সুরক্ষিত না থাকলে আমদানি রফতানিসহ জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। বক্তারা আরও বলেন, অবিলম্বে পশুর চ্যানেল ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করে সাড়ে ৯ মিটার গভীরতার জাহাজ আগমন নিশ্চিত করতে হবে। এছাড়া ড্রেজিং বন্ধের সাথে জড়িত কুচক্রী মহলের দৃষ্টান্ত শাস্তির আওতায় এনে অচল হওয়ার সম্ভাবনা থেকে মোংলা বন্দরকে বাঁচাতে হবে।