মোংলায় যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলসহ দেশ ত্যাগের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

0

 

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ মোংলায় উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.ইস্রাফিল হাওলাদারের বিরুদ্ধে এক সংখ্যালঘু ব্যক্তির জমি দখলসহ তাকে প্রাণনাশ ও দেশ ত্যাগের হুমকির অভিযোগ উঠেছে। এক দশমিক ৭৬ একর জমি লিখে নিয়ে টাকা না দেওয়া এবং টাকা চাইতে গেলে দেশ ত্যাগের হুমকি দেওয়ায় ওই নেতার বিরুদ্ধে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষ্ণ পদ বিশ্বাস। শনিবার বেলা ১১ টায় মোংলা সাংবাদিকদের কাছে লিখিতভাবে এই অভিযোগ তুলে ধরেন তিনি।
লিখিত অভিযোগে জানানো হয়, উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী গ্রামের বাসিন্দা কৃষ্ণ পদ বিশ্বাসের এক দশমিক ৪৩ একর ও তার আত্মীয় বিনয় রায়ের ৩৩ শতকসহ মোট এক দশমিক ৭৬ একর জমি জোরপূর্বক রেজিস্ট্রি করিয়ে নেয় যুবলীগ নেতা মো.ইস্রাফিল হাওলাদার। গত ২০২০ সালে কিছু টাকা দিয়ে এই জমি রেজিস্ট্রি করে নিলেও আজ পর্যন্ত জমির সেই বকেয়া টাকা দেয়নি যুবলীগ নেতা ইস্রাফিল। উল্টো টাকা চাইলে অস্ত্রের মুখে প্রাণ নাশ ও দেশ ত্যাগের হুমকি দেওয়া হচ্ছে।
সাংবাকিদের কাছে এ সময় ভুক্তভোগী কৃষ্ণ পদ আরও বলেন, যুবলীগ নেতা ইস্রাফিল ওই ইউনিয়নের অনেক সংখ্যালঘু পরিবারের জায়গা ও সম্পত্তি জোরপূর্বক দখলে করে নিয়েছেন। এছাড়া সে এলাকার শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করাসহ এলাকায় নিজস্ব বিশাল ক্যাডার বাহিনী তৈরি করে জনমনে ভীতির সৃষ্টি করেছেন। ইস্রাফিল নানা সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। অবৈধভাবে অর্থ বিত্তের মালিক বনে যাওয়া ও বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান জিম্মি করে টেন্ডার বাণিজ্য করার অভিযোগ তুলে ইস্রাফিল হাওলাদের বিচার দাবিও করেন সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সংখ্যালঘুরা।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বাগেরহাট জেলা কমিটির সহ-সভাপতি পিযুষ কান্তি মজুমদার, মোংলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রমেশ মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, বাংলাদেশ শিক্ষক সমিতির মোংলা শাখার সভাপতি মহিদুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা কেশব লাল মন্ডল প্রমুখ।
এ বিষয়ে ইস্রাফিল হাওলাদার বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হেয় প্রতিপন্ন, হয়রানী ও মানহানীর জন্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। তিনি আরো বলেন, টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্র্রি করেছেন ও কোনো সংখ্যালঘুর উপর নির্যাতন ও হুমকির সাথে তিনি সম্পৃক্ত নন।