ঝিকরগাছায় স্কুলছাত্রী আত্মহত্যার প্রতিবাদে মানববন্ধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় স্কুলছাত্রী মারিয়া খাতুনের আত্মহত্যার প্রতিবাদে ও তার প্রতারক প্রেমিক মেহেদী হাসানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহপাঠী ও এলাকাবাসী। ঘটনার পর থেকে প্রেমিক মেহেদী হাসান পলাতক রয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নবম শ্রেণির ছাত্রী নিহত মারিয়া খাতুনের পিতা আব্দুল হান্নান ওরফে হারাণ দর্জি, ভাই মোহাম্মদ রাজাসহ, সহপাঠী ও শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসী অংশ গ্রহণ করেন। এর আগে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকার অংশগ্রহণে নিহত মারিয়া খাতুনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর।
উল্লেখ্য, প্রেমিক মেহেদী হাসানের প্রতারণা শিকার হয়ে ক্ষোভে-অভিমানে স্কুলছাত্রী মারিয়া খাতুন গত মঙ্গলবার সকালে ঘরে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এদিকে ময়নাতদন্ত শেষে বুধবার বিকালে কাশিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে স্কুলছাত্রী মারিয়ার লাশ দাফন করা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টায় ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান।