আফগানিস্তানে মেয়েদের হাই স্কুল খুলে আবার বন্ধ ঘোষণা করলো তালেবান

0

লোকসমাজ ডেস্ক॥ আফগানিস্তানে মেয়েদের হাই স্কুল খুলে দেয়ার ঘোষণা দিয়ে পিছিয়ে গেলো তালেবান। বুধবার দেশটিতে মেয়েদের হাই স্কুল খুলে দেয়ার কথা ছিল। সে অনুযায়ী বহুদিন পর স্কুলে গিয়েছিল মেয়েরাও। কিন্তু স্কুল খোলার কয়েক ঘন্টার মধ্যেই আবারও সব স্কুল বন্ধের নির্দেশ দেয়া হয় তালেবানের তরফ থেকে। এতে করে মেয়ে শিক্ষার্থীদের মধ্যে যেমন হতাশার জন্ম হয়েছে তেমনি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যেও। এ খবর দিয়েছে জাপান টাইমস।
খবরে জানানো হয়, তালেবান এরইমধ্যে মেয়েদের স্কুল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। কট্টোরপন্থী দলটির মুখপাত্র ইনামুল্লাহ সামানগণি বলেন, হ্যা খবরটি সত্যি। মেয়েদেরকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তবে কি কারণে পিছু হটলো তালেবান তা তিনি ব্যাখ্যা করেননি। অপরদিকে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আজিজ আহমদ রায়ান বলেন, আমাদের এ নিয়ে কথা বলা নিষিদ্ধ। মেয়েদের জন্য হাই স্কুল খুলে যাচ্ছে তাই আগে থেকেই বিদেশি গণমাধ্যমগুলো কাবুলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অপেক্ষা করছিল। এএফপির একটি দল জারঘোনা হাই স্কুলের পরিস্থিতি রেকর্ড করছিল। সেখানে একজন শিক্ষক ক্লাসে প্রবেশের পর স্কুল বন্ধ করে দেয়ার ঘোষণা করেন। গত বছরের আগস্ট মাসে তালেবান ক্ষমতায় আসার পর ওই শিক্ষার্থীরা স্কুলে আসতে পারেনি। অনেক আশা নিয়ে স্কুলে এলেও আবারও তা বন্ধের ঘোষণা শুনে তারা ভেঙ্গে পড়ে। সকলের চোখেই ছিল পানি। কাবুলের আরেকটি হাই স্কুলের শিক্ষক পালওয়াশা বলেন, আমি শিক্ষার্থীদের কাদতে কাঁদতে ক্লাস ছাড়তে দেখেছি। নিজের শিক্ষার্থীদের কাঁদতে দেখা অত্যন্ত দুঃখজনক। এদিকে বুধবারের এই ঘটনা নিয়ে জাতিসংঘের প্রতিনিধি দেবোরাহ লিয়ন বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়। এর পেছনে তালেবানের কী উদ্দেশ্য থাকতে পারে তা তিনি বুঝতে পারছেন না।