দৈনিক কল্যাণ ও জনউদ্যোগের সংলাপ: অনলাইন জন্মনিবন্ধন সনদ পেতে হরেক রকমের সমস্যায় পড়তে হচ্ছে

0

স্টাফ রিপোর্টার॥ অনলাইন জন্মনিবন্ধন সনদ পেতে হরেক রকমের সমস্যায় পড়তে হচ্ছে। সাধারণ মানুষের কাছ থেকে নেয়া হচ্ছে অতিরিক্ত টাকা। করা হয় অযৌক্তিক সময় ক্ষেপণ। গতকাল প্রেসক্লাব যশোর মিলনায়তনে দৈনিক কল্যাণ ও জনউদ্যোগ আয়োজিত এক সংলাপ বৈঠকে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা। জন্মনিবন্ধনের সমস্যা নিয়ে মিডিয়া ক্যাম্পেইন শীর্ষক এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার অধিদপ্তরের উপ পরিচালক মো. হুসাইন শওকত। উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সচিব আজমল হোসেন ও প্যানেল মেয়র মোকছিমুল বারী অপু ও সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া পারভীন ডলি। বৈঠকে আলোচকরা আরও বলেন, অনলাইন জন্মনিবন্ধনে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে। এ বিষয়ে পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে নানা ধরণের প্রশ্ন রয়েছে ভুক্তভোগীদের। যান্ত্রিক ত্রুটি ছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতার প্রক্রিয়া নিয়ে কর্মকর্তাদের স্বচ্ছ ধারণার অভাব ও দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। প্রধান অতিথির বক্তব্যকালে স্থানীয় সরকার অধিদপ্তর যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত বলেন, আপনাদের যে সকল অভিযোগ রয়েছে সে বিষয় নিয়ে আমরা কাজ করবো।
জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধের জন্য সকলের সচেতনতা বাড়াতে হবে। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করার অনুরোধ করেন তিনি। এর আগে যশোর পৌরসভার সচিব আজমল হোসেন বলেন, পৌরসভার সেবার বিষয়ে কোন অভিযোগ থাকলে সরাসরি আমাকে জানাবেন। জনউদ্যোগ যশোরের আহবায়ক প্রকৌশলী নাজির আহমদের সভাপতিত্বে ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলার সঞ্চালনায় জন্মনিবন্ধনের সমস্যা নিয়ে মুল আলোচনা করেন জনউদ্যোগ সদস্য বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মজনু, যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক ও জনউদ্যোগ সদস্য জামাল উদ্দিন, দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ, দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন, দৈনিক প্রতিদিনের কথার জ্যেষ্ঠ প্রতিবেদক প্রণব দাস, দৈনিক কল্যাণের প্রধান প্রতিবেদক সালমান হাসান, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার।