ঝিকরগাছায় নৌকার লোকজনের নেতৃত্বে হামলা হয়েছে : চেয়ারম্যান প্রার্থী জহুরুল হক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জহুরুল হক তার উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন। গতকাল দুপুরে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মলনে তিনি হামলার জন্যে আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান সরদারকে দায়ী করেন। লিখিত বক্তব্যে জহুরুল হক বলেন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি অংশ নেওয়ার কারণে তার ওপর হামলা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মতিয়ার রহমান সরদার দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্তী হলেও জনসমর্থনে তিনি পিছিয়ে রযেছেন। এ কারণে পরাজয় নিশ্চিত জেনে তার নাতী সন্ত্রাসী পিয়াসের নেতৃত্বে ক্যাডার বাহিনী গত ২৮ অক্টোবর তার উপর হামলা চালিয়েছে। তিনি যশের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন উল্লেখ করে বলেন, মতিয়ার রহমানের সন্তান ও নাতীদের নাশকতামূলক কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ যে কারণে গত নির্বাচনে প্রার্থী হয়েও পরাজিত হয়েছিলেন। মুক্তিযোদ্ধা জহুরুল হক বলেন, একজন বীর মুক্তিযোদধার গায়ে যারা আঘাত করে তারা আওয়ামী লীগ নামধারী সন্ত্রাসী ছাড়া আর কিছুই হতে পারে না। ৩ বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জহুরুল হক সাংবাদিকদের মাধ্যমে তার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, গত ২৮ অক্টোবর বিকেল ৫টার দিকে শিমুলিয়া মিশনপাড়ায় নির্বাচনী গণসংযোগকালে মতিয়ার রহমান সর্দারের পুত্র শুহিন, নাতী পিয়াসের নেতৃত্বে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। ওই হামলায় তিনি ও আবু সাঈদ আহত হন। সংবাদ সম্মেলনে ঝিকরগাছার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. শাহাজান আলী, মুক্তিযোদ্ধা এবিএম কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা আবুল বাশার, আব্দুর রব, ওলিয়ার রহমান প্রমুখ।