পাইাকগাছায় ছিনতাইকারীকে ধরে পুলিশে দিল জনতা

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় প্রকাশ্যে দিনেরবেলায় টাকা ছিনতাই করে পালানোর সময় সবুজ শিকদার (২৬) নামে এক ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। সে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের ফজলুর রহমান শিকদারের ছেলে। ঘটনাটি ঘটে পৌর সদরের প্রধান সড়কের জেলা সুপার মার্কটের সামনে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন জানান, বুধবার দুপুরে আনিছুর রহমান মোল্লা (৪৯) পাইকগাছা ইসলামী ব্যাংক থেকে ৬০ হাজার টাকা তোলেন। তিনি কয়রা উপজেলার লোকা গ্রামের মৃত ময়নুদ্দীন মোল্লার ছেলে। তিনি ব্যাংক থেকে বেরিয়ে জেলা পরিষদ মার্কটের সামনে পৌঁছালে পেছন থেকে ছিনতাইকারী তার গায়ে নোংরা কিছু ছিটিয়ে মারে। ছিনতাইকারী সরি বলে আনিছুর রহমানকে পাশে পুকুরে পরিষ্কার করাতে নিয়ে যায়। সিঁড়ির ওপর ব্যাগ রেখে নিজে জামা পরিষ্কার করতে থাকলে সে টাকার ব্যাগটা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় আনিছুর চিৎকার দিলে স্থানীয় লোকজন ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তার কাছ থেকে ব্লেড, প্রেস আইডি কার্ড, ঘুমের ওষুধ, জব্দ করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, মামলা দিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।