অসহায়দের খাদ্যের ব্যবস্থা না করে লকডাউন মানবিকতার পরিপন্থী : ড. মাসুদ

0

লোকসমাজ ডেস্ক॥বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সরকার করোনা মহামারী থেকে মানুষকে রক্ষার জন্য লকডাউন দিলেও তাদের খাবারের কোনো ব্যবস্থা করেনি, যা মানবিকতা ও মৌলিক অধিকারের পরিপন্থী। সারাদেশের কর্মহীন ও বিশেষভাবে ঢাকা মহানগরীর স্বল্প আয়ের মানুষের জন্য এ লকডাউন মরণফাঁদে পরিণত হয়েছে। তিনি বলেন, ব্যবসায়ী, কর্মচারী ও নিম্নআয়ের মানুষের অবস্থা শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। তারা বাসা ভাড়া, দোকান ভাড়া, খাবার খরচ যোগাতে না পেরে অবর্ণনীয় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। এসব মানুষের জন্য সরকার কোনো সাহায্য সহযোগিতাও করেনি।
রোববার রমনা থানা জামায়াতের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সাহরি ও ইফতারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আমির ও মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য আবদুস সাত্তার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রমনা থানা সেক্রেটারি আবু আশরাফ, থানার শূরা ও কর্মপরিষদ সদস্য মারুফুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা মিরাজুল ইসলাম শামীম, রাজিবুল ইসলাম, যুবনেতা আকবর হোসেন ও আরিফুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, রমনা থানার বিভিন্ন শ্রেণী পেশার ১০০টি পরিবারের মাঝে ২০ কেজি করে খাবার প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি তেল, দুই কেজি পেঁয়াজ, এক কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি ও এক কেজি খেজুর।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ইসলাম মানবতার কথা বলে। এ কারণে জামায়াতে ইসলামী যেকোনো দুর্যোগে দেশের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। গত বছর করোনার শুরু থেকে অদ্যাবধি ঢাকা মহানগরী দক্ষিণের কয়েক হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহযোগিতা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে পুঁজি হিসেবে নগদ অর্থ দান, রিকশা ও ভ্যান বিতরণ, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, আত্মকর্মসংস্থানে সহযোগিতাসহ নানামুখী কর্মসূচি পরিচালনা করে আসছে।
জামায়াত নেতা ড. মাসুদ বলেন, সরকার আমাদের এসব কল্যাণমূলক কাজও নির্বিঘ্নে করতে দিচ্ছে না। সরকার নিজেও মানুষের পাশে দাঁড়াচ্ছে না। আমাদেরকেও কাজ করতে দিচ্ছে না। তিনি সরকারকে প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও চাকরিহারা অসহায়দের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
তিনি আরো বলেন, এই রমজান মাসে সরকার নগ্নভাবে দেশের সম্মানিত আলেম ওলামাদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করেছে। পবিত্র এই মাসে ইসলামী ব্যক্তিত্বদের এভাবে হেনস্থা করে সরকার তার ফ্যাসিবাদী মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
তিনি অবিলম্বে আলেম-ওলামাসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবি করেন।