সিনেমাটি কি রিফাত-মিন্নির কাহিনি নিয়েই

0

বিনোদন ডেস্ক ॥ শুটিংয়ের শুরু থেকেই অনেকের ধারণা, ‘পরাণ’ ছবিটি বরগুনার আলোচিত রিফাত-মিন্নির ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটে আছেন পরিচালক ও অভিনয়শিল্পীরা। ছবি সংশ্লিষ্টদের কাছ থেকে এ প্রসঙ্গে কিছুটা আঁচ পাওয়া গেলেও পরিচালক বললেন, আমরা এ বিষয়ে কিছু বলতে চাই না। মুক্তির পর প্রেক্ষাগৃহে গেলেই সবাই দেখবেন। হয়তো সাম্প্রতিক অনেক ঘটনার সঙ্গে এর কাহিনির মিল পাওয়া যাবে।
গতকাল সোমবার সকালে প্রকাশিত হয়েছে ‘পরাণ’ ছবির এক মিনিট ২০ সেকেন্ডের টিজার। এরপর পরিচালকের সঙ্গে কথা হলে তিনি জানান, টিজার প্রকাশ করা হয় আসলে মানুষকে ভাবানোর জন্যই। দর্শক ভাবুক। এক একজন এক এক রকম চিন্তা নিয়ে প্রেক্ষাগৃহে আসুক। দেখা যাক কি হয়।’ ‘পরাণ’ ছবিতে শরিফুল রাজ ও মিম। ছবি: সংগৃহীত‘পরাণ’ ছবিতে শরিফুল রাজ ও মিম। ছবি: সংগৃহীতছবিতে মিম অভিনয় করেছেন অনন্যা চরিত্রে, শরিফুল রাজের চরিত্রের নাম রোমান এবং ইয়াশ রোহানের চরিত্রের নাম সিফাত। মিন্নি চরিত্রে অভিনয় করেছেন কি না জানতে চাইলে মিম বলেন, ‘এ বিষয়ে এই মুহূর্তে আমি কিছুই বলতে চাইছি না। পরিচালক কী বলেন, দেখেন। তবে আমি বলব, আমাদের চারপাশের সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি হয়েছে। এই ছবির গল্পের সঙ্গে আশপাশের অনেক কিছুর মিল পাবেন।’ কথা প্রসঙ্গে এ বছরের জানুয়ারিতে ‘পরাণ’ ছবির পরিচালক রায়হান রাফি জানিয়েছিলেন, ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির কথা ভেবেছেন তিনি। তবে সম্প্রতি জানা গেছে, আপাতত এই সময়ে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কিছুদিনের মধ্যে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে। মফস্বলের দুই তরুণ ও এক তরুণীর জীবন ও প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পরাণ’। গত বছরের ৩ সেপ্টেম্বর ময়মনসিংহে সিনেমাটির শুটিং শুরু হয়। মফস্বলের তিন তরুণের জীবন ও সংকট, আবেগ-অনুভূতি উঠে আসবে ছবিতে। ভালোবাসা, নেশা, রাজনীতি, বিবাহ ও বিচ্ছেদ নিয়ে ঘটনাবহুল হবে ছবিটির কাহিনি। ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু ও মিলি বাশার প্রমুখ। ‘পরাণ’ ছবির চিত্রনাট্য লিখেছেন শাহ্জাহান সৌরভ ও রায়হান রাফী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী ও নাভেদ পারভেজ।