ঝিকরগাছায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ উৎসবমুখর পরিবেশে ঝিকরগাছায় সম্পন্ন হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবাসহ মোট ২৭টি ইভেন্টে অংশ নেয়।

বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক ঝিকরগাছা বি.এম. হাইস্কুল মাঠে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহ। অনুষ্ঠান শেষে বিজয়ী খেলোয়াড় ও দলগুলোর হাতে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিরা।

উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। মাঠভিত্তিক খেলাধুলার পাশাপাশি সাঁতার ও দাবা ইভেন্টগুলোতে তরুণ ক্রীড়াবিদদের অদম্য উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে ইউএনও এম সাইফুল্লাহ বলেন, শ্রেণিকক্ষের শিক্ষাদানের বাইরে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মাঠের এই মেধা চর্চা শিক্ষার্থীদের ভেতরে নেতৃত্ব ও শৃঙ্খলার ভিত শক্ত করবে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, স্থানীয় শিক্ষক, ক্রীড়া সংগঠক এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন।