হাদির মৃত্যুতে: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। বৃহস্পতিবার রাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সকালে সচিবালয়সহ ঢাকার বেশ কয়েকটি সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত দেখা যায়। আগের দিন বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে ওসমান হাদির মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হয় বিশেষ প্রার্থনার।

শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এতে যারা অংশগ্রহণ করবেন, তাদেরকে কোনো ধরনের ব্যাগ বা ভারি বস্তু বহন না করার জন্য অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

জানাজায় বিপুল লোকসমাগমের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে ডিএমপি বলেছে, জানাজায় অংশগ্রহণ নির্বিঘ্ন করতে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভেনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

ইনকিলাব মঞ্চ এক ফেইসবুক পোস্টে লিখেছে, পরিবারের দাবির ভিত্তিতে তাদের সংগঠনের আহ্বায়ককে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত হয়েছে।