হাইকোর্টে জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই

0
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বিদিশা সিদ্দিক।। ফাইল ছবি: সংগৃহীত

ফ্ল্যাট বিক্রির নামে রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি খায়রুল আলম এবং বিচারপতি মো. রাফিজুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিদিশা সিদ্দিকের আইনজীবী মো. মাসুদ মিয়া।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া এই মামলায় গত ২০ মে ঢাকা মহানগর হাকিম আদালত বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে রায়ে তাঁকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

রায় ঘোষণার দিন বিদিশা সিদ্দিক আদালতে অনুপস্থিত থাকায় বিচারক তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে উক্ত সাজা পরোয়ানার ভিত্তিতে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পরদিন ২৬ আগস্ট আদালতে হাজির করা হলে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরবর্তীতে গত ২ সেপ্টেম্বর সাজা স্থগিত করে আপিলের শর্তে বিচারিক আদালতে জামিনের আবেদন করা হলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত সেই জামিন আবেদনও নামঞ্জুর করেন। নিম্ন আদালতের উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও জামিন আবেদন করা হলে শুনানি শেষে আজ উচ্চ আদালত তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।