নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

0
নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে হেফজ বিভাগের এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী এক শিশুর মায়ের মামলার ১০ ঘণ্টার মধ্যে গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।। ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী এক ছাত্রের মায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

রবিবার (৬ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই শিক্ষকের নাম মাহবুবুর রহমান (২৫)। তিনি নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং নড়াইল পৌরসভার ডুমরতলা গ্রামে অবস্থিত একটি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট (শুক্রবার) বিকেলে ভুক্তভোগী আট বছর বয়সী এক শিশুর মা তাঁর সন্তানকে দেখতে ওই মাদরাসায় যান। তখন শিশুটি তার মাকে জানায়, আগের দিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) রাতে শিক্ষক মাহবুবুর রহমান তাকে ধর্ষণ করেন। শিশুটির মা বিষয়টি তাৎক্ষণিকভাবে মাদরাসা কর্তৃপক্ষকে জানান। পরে মাদরাসা কর্তৃপক্ষ ঘটনার সত্যতা জানতে শিশুটির মুখোমুখি হলে সে বিস্তারিত তুলে ধরে। এ সময় সেখানে উপস্থিত আরও পাঁচ শিশুছাত্র একই শিক্ষকের বিরুদ্ধে তাদের ধর্ষণের অভিযোগ তোলে।

ঘটনা জানাজানি হওয়ার পরপরই অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান এলাকা থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার মাত্র ১০ ঘণ্টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর থেকে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু জানান, “এক ভুক্তভোগী নারী তার বাচ্চাকে ধর্ষণ করেছে এমন অভিযোগ নিয়ে থানায় আসেন। বিষয়টি আমরা নিয়মিত মামলা রুজু করি। মামলার পরিপ্রেক্ষিতে এজাহারনামীয় আসামি মাহবুবুর রহমানকে মামলা রুজুর ১০ ঘণ্টার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করি। তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।”