হরিণাকুন্ডুতে মাটি পড়ে নষ্ট হচ্ছে সড়ক

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহ সংবাদদাতা ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা থেকে সিঙ্গা অভিমুখে নবনির্মিত প্রশস্ত সড়কটি এখন এলাকাবাসীর কাছে মরণফাঁদে পরিণত হয়েছে। এলজিইডির প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গুরুত্বপূর্ণ সড়কটি চোখের সামনে ধ্বংস হতে দেখলেও রহস্যজনক নীরবতা পালন করছে উপজেলা প্রশাসন। প্রশাসনের এমন নির্লিপ্ততায় বিক্ষুব্ধ গ্রামবাসী।

সরেজমিনে দেখা গেছে, ওই রাস্তার পায়রাডাঙ্গার মাটি ব্যবসায়ী শাহিন আইনের তোয়াক্কা না করে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি খনন করছেন। মাটি কাটার ফলে রাস্তা জুড়ে কাদার স্তূপ তৈরি হয়েছে। বর্তমানে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি বিশাল বাজেটের এই রাস্তাটি এলাকার মানুষের ভাগ্যোন্নয়নের কথা ছিল। কিন্তু প্রভাবশালীদের অবৈধ মাটি বাণিজ্যের ফলে রাস্তাটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গ্রামবাসী বারবার অভিযোগ দিলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

রাস্তার এই বেহাল দশা এবং প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি নতুন এসেছি। এলাকায় খোঁজ নিয়ে দ্রুত মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।