সুন্দরবনে নিষিদ্ধ মাছ পরিবহণ ট্রলার আটক, দুই লাখ বিশ হাজার টাকা জরিমানা

0

 

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের আওতাধীন বঙ্গোপসাগর সংলগ্ন বাহির মান্দারবাড়িয়া এলাকায় চলাচল নিষিদ্ধ একটি পরিবহণ ট্রলার আটক করেছে স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা। শুক্রবার ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ বন স্টেশন অফিসার (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগর সংলগ্ন বাহির মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাছ পরিবহন ট্রলারটি আটক করে। এসময় ট্রলারের দুই মাঝিকে আটক করে স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা।  আটক দুই মাঝি হলেন বাগেরহাট জেলার রামপাল থানার শ্রীফলতলা গ্রামের জাকির হোসেন শিকারীর ছেলে সফিকুল শিকারী ও ইব্রাহিম শেখের ছেলে রাসেল শেখ।  সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন, সুন্দরবনে পরিবহণ ট্রলার প্রবেশ নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে মাছ পরিবহণ করার সময় ট্রলারটিকে আটক করা হয়। আটক দুই মাঝিকে বন আইনে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।