সাতমাইল পশুরহাট জমে উঠেছে

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তে এসে পুরোদমে জমে উঠেছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বৃহত্তম যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল পশুর হাট। হাটজুড়ে এখন শুধুই দেশি গরুর রাজত্ব।

সরেজমিনে হাট ঘুরে দেখা গেছে, হাজার হাজার গরুর হাঁকডাকে মুখরিত পুরো বাজার এলাকা। যশোরসহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে খামারি ও পাইকাররা ট্রাকভর্তি পশু নিয়ে হাজির হয়েছেন এই হাটে। স্থানীয় পাইকারদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তারা প্রত্যন্ত গ্রামের ছোট ছোট হাট থেকে গরু সংগ্রহ করে এই বড় বাজারে নিয়ে এসেছেন।

হাটে পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও সাধারণ ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় দাম কিছুটা সহনীয় হলেও বাজেটবান্ধব ( ছোট ও মাঝারি) গরুর দাম এখনো চড়া।

হাটে আসা ক্রেতা শহিদুল ইসলাম জানান, একটি গরুর দাম বিক্রেতা প্রথমে ১ লাখ ৩০ হাজার টাকা চেয়েছিলেন। দীর্ঘক্ষণ দরদামের পর ৯৫ হাজার টাকায় কিনতে পেরেছি। তবে বর্তমান বাজার বিবেচনায় গরুটির দাম ৯০ হাজার টাকার মধ্যে হওয়া উচিত ছিল।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় কুরবানির জন্যে প্রায় ১৬ হাজার গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে গরুর সংখ্যা ১৩ হাজার ১০০টি। বিপরীতে স্থানীয় পর্যায়ে চাহিদা রয়েছে ১২ হাজার ৭২৬টি পশুর। ফলে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় কুরবানির পশুর কোনো সংকট হবে না।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তপু কুমার সাহা বলেন, হাটের প্রতিটি পয়েন্টে প্রাণিসম্পদ দপ্তরের বিশেষ মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে।