শ্বশুরবাড়ি বেড়াতে এসে ছিনতাইকালে আটক!

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা, লোকসমাজ : খুলনার পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইয়ের সময় সুমন শেখ (৩২) নামে এক ব্যক্তি জনতার হাতে আটক হয়েছেন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক সুমন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মৃত নুরু শেখের ছেলে এবং পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের এক পরিবারের জামাতা।

বুধবার দুপুরে পাইকগাছা হাসপাতাল মোড়ের মুন ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার তালবাড়ি গ্রামের মৃত তারাপদ বাইনের ছেলে বিষ্ণুপদ বাইন (৪২) চিকিৎসকের পরামর্শ নিতে ডায়াগনস্টিক সেন্টারের রিসেপশন কক্ষে অবস্থান করছিলেন। এ সময় সুমন তার পকেট থেকে ৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিষ্ণুপদ বাইন তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে সুমনকে আটক করে পুলিশে খবর দেন।

এদিকে, আটকের পর সুমনের দেহ তল্লাশি করে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। খবর পেয়ে উপজেলার বাঁকা শ্রীকান্তপুর গ্রামের খাইরুল আলম সেখানে এসে মোবাইলটি তার বলে শনাক্ত করেন।

খাইরুল আলম জানান, তিনিও হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। কোনো এক ফাঁকে তার পকেট থেকে মোবাইল ফোনটি চুরি করা হয়। পরে উদ্ধার হওয়া মোবাইলটি তারই বলে নিশ্চিত করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সুমন তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি মোবাইল চুরি এবং টাকা ছিনতাইয়ের ঘটনার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, আটক সুমন বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।