শৈলকুপায় বৃষ্টিতে সড়ক ভেঙে যাতায়াত বন্ধ

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ হঠাৎ বৃষ্টির পানিতে ভেঙে গেলো শৈলকুপার কবিরপুর নতুন ব্রিজের একমাত্র সড়কটি। এ সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, পিকআপভ্যান,আটোবাইকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে।
এলাকাবাসী জানান, বিএনপি জোট সরকারের আমলে শৈলকুপা ও কবিরপুরের মাঝ দিয়ে বয়ে যাওয়া কুমার নদীর ওপর বাইপাস সড়কে একটি ব্রিজ নির্মাণ করা হয় দুই পারের মানুষের যাতায়াতের সুবিধার্থে। ব্রিজের দুই পাশের সড়কটি দীর্ঘদিন সংস্কার না করার কারণে দুই দিনের বৃষ্টিতে সড়কটির একটি বড় অংশ ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
ট্রাকচালক মো. আলম বলেন, রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে বিপাকে পড়তে হয়েছে। এখন বিকল্প রাস্তায় যাতায়াত করতে হচ্ছে। তাতে সময় ও গাড়ির খরচ বেশি হচ্ছে।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা এলজিইআরডির নির্বাহী পরিচালক মিজানুর রহমান জানান, শুনেছি বৃষ্টির পানিতে রাস্তার অর্ধেক ভেঙে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুতই তা সংস্কার করা হবে।